এ আদেশের পরপরই দেশের গণমাধ্যমগুলো ব্যাপকভাবে এটা ন্যায়সংগত হয়নি বলে বিভিন্ন খবর ও মতামত প্রচার করতে থাকে। তাঁর সহকর্মীরাও ক্ষোভ জানাতে থাকেন। সাক্ষাৎকারগুলোর একটিতে দুদক সচিব বলেছেন, শরীফ উদ্দিন দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন গুরুতরভাবে। তাঁর বিরুদ্ধে চলমান রয়েছে একাধিক বিভাগীয় মামলা। তবে সেসব বিভাগীয় মামলার নিষ্পত্তি না করে এ ধরনের একতরফা ব্যবস্থার কোনো ব্যাখ্যা দেননি সচিব। কীভাবে শরীফ উদ্দিন সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন করলেন, সক্ষম হননি এটা বলতে।
উল্লেখ্য, সংশ্লিষ্ট বিধিমালায় কারণ দর্শানোর সুযোগ ব্যতিরেকেই চাকরিচ্যুতির বিধানটি আদালতে বিচারাধীন। আর এখন পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি, শরীফ উদ্দিন দুর্নীতির বিরুদ্ধে আপসহীন একজন কর্মকর্তা। তবে তিনিও আইনের ঊর্ধ্বে নন। অভিযোগ রয়েছে, কক্সবাজারে একটি ব্যাংকে জনৈক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশ তিনি দেন আদালতের অনুমতি ছাড়া। তদুপরি কক্সবাজারের ভূমি হুকুমদখল প্রক্রিয়ার ঘুষ হিসেবে গৃহীত উদ্ধার করা টাকা যথাযথ খাতে জমা না করে দীর্ঘদিন নিজ হেফাজতে রাখেন। এসব বিষয় তদন্ত করে অপরাধ প্রমাণিত হলে তাঁকে শাস্তি দেওয়া যায়। কিন্তু সূচনায় আলোচিত তদন্ত বিবরণীগুলো অনিষ্পন্ন রেখে কিংবা কোনো কারণ ছাড়াই গ্রহণ না করে এ ধরনের একটি ব্যবস্থা সংস্থাটিকে প্রশ্নবিদ্ধ করল।






