জিডিপির ৬ শতাংশের বেশি প্রণোদনা দিয়েছে সরকার

প্রতিবেদনের তথ্যানুসারে, জিডিপির সাপেক্ষে সবচেয়ে বেশি প্রণোদনা দিয়েছে ইউরোপের দেশ ইতালি। তারা প্রণোদনা দিয়েছে জিডিপির ৪৫ শতাংশের বেশি। এরপর জাপান প্রণোদনা দিয়েছে ৪৩ শতাংশ। যুক্তরাজ্য দিয়েছে ৩৫ শতাংশের ওপরে। যুক্তরাষ্ট্র দিয়েছে ২৮ শতাংশের ওপর। এ ছাড়া পেরু, চিলি, ব্রাজিল দিয়েছে ১৫ শতাংশের ওপর। দক্ষিণ এশিয়ার বৃহৎ দেশ ভারত দিয়েছে ১০ শতাংশের ওপর। এ ছাড়া চীন দিয়েছে ৫ শতাংশের ওপর।

২০২০ সালের চরম দুঃসময়ে বিশ্বের প্রায় সব বড় অর্থনীতির সংকোচন হলেও বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে। ঘুরে দাঁড়ানোর সংগ্রাম বাংলাদেশের জন্য অতটা দুরূহ ছিল না। কিন্তু প্রণোদনা যা দেওয়া হয়েছে, তা পেয়েছে মূলত বড় বড় শিল্পগোষ্ঠী। ক্ষুদ্র ও মাঝারি খাত এ ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। এমনকি তাদের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে, সেটাও তারা ঠিকঠাক পায়নি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যেসব প্রতিষ্ঠান প্রণোদনার ঋণ পেয়েছে, ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে তারা এগিয়ে আছে। আর বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর তুলনায় ক্ষুদ্র ও মাঝারি খাতের পুনরুদ্ধারের গতি কম। অথচ দেশের সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে এই এসএমই খাতে। সে জন্য অনেক মানুষের আয় এখনো কোভিডের আগের সময়ের চেয়ে কম।

বিভিন্ন সংস্থার তথ্যমতে, সারা দেশে ছোটখাটো প্রতিষ্ঠান গড়ে তুলেছেন প্রায় ৮০ লাখ উদ্যোক্তা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র কারখানা রয়েছে ৪০ হাজার ২৫০টি। আর বাংলাদেশ দোকান মালিক সমিতির তথ্যমতে, সারা দেশে ক্ষুদ্র ব্যবসায়ী আছে প্রায় ৫৬ লাখ। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সমীক্ষা অনুসারে, বাংলাদেশের জিডিপিতে এসএমই খাতের অবদান ২০ থেকে ২৫ শতাংশ। বর্তমানে দেশের প্রায় আড়াই কোটি মানুষের সরাসরি কর্মসংস্থান ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে।

অথচ সম্প্রতি দেশের গবেষণা প্রতিষ্ঠান সানেমের এক জরিপে জানা গেছে, ৯ শতাংশের মতো ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান প্রণোদনা ঋণ পেয়েছে। আর প্রণোদনা যারা পেয়েছে, তাদের ব্যবসায়িক পুনরুদ্ধারের হার প্রণোদনা যারা পায়নি, তাদের চেয়ে বেশি। প্রণোদনা পাওয়া প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক পুনরুদ্ধারের হার ৭১ শতাংশ, আর প্রণোদনা না পাওয়া প্রতিষ্ঠানগুলোর পুনরুদ্ধারের হার ৫৮ শতাংশ। সে কারণে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধারে পিছিয়ে আছে।