নিউজিল্যান্ডে পা রাখার পর বাংলাদেশ দলের ১১টি দিন কেটেছে হোটেলবন্দী হয়ে। এমনিতে সাত দিনের কোয়ারেন্টিন করার কথা ছিল বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের। কিন্তু বাংলাদেশ দল যে উড়োজাহাজে করে নিউজিল্যান্ডে গেছে, সেই উড়োজাহাজে যাত্রীদের মধ্যে করোনা রোগী শনাক্ত হওয়ায় বাড়তি চার দিনের কোয়ারেন্টিন করতে হয়েছে মুমিনুলদের।
কোয়ারেন্টিন শেষ করে আগেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। কাল দুদিনের প্রস্তুতি ম্যাচটিও শেষ করেছেন মুমিনুলরা। সেই ম্যাচে বল ও ব্যাট হাতে ভালোই করেছেন বাংলাদেশের খেলোয়াড়েরা। সব মিলিয়ে বাংলাদেশ সময় আগামী পরশু ভোররাতে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে দলের অনুশীলন আর প্রস্তুতি ম্যাচ নিয়ে সন্তুষ্ট বাংলাদেশের ব্যাটসম্যান মাহমুদুল হাসান।






