স্টেডিয়ামে আগুন

আগামীকাল বিশ্বকাপের বাছাইয়ে অ্যান্ডোরার মুখোমুখি হবে ইংল্যান্ড। গ্রুপ আইয়ের এই ম্যাচ হওয়ার কথা অ্যান্ডোরার এস্তাদি নাসিওনালে। কিন্তু ম্যাচের ভাগ্য একটু প্রশ্নের মুখে পড়ে গেছে। কারণ, আজ স্থানীয় সময় শুক্রবার বিকেলে স্টেডিয়ামে আগুন লেগেছিল।অ্যান্ডোরার রাজধানী অ্যান্ডোরা লা ভেয়ার স্টেডিয়ামে আগামীকাল গ্রুপের সপ্তম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ইংল্যান্ড ও স্বাগতিকদের। আই গ্রুপে ৬ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে ইংল্যান্ড, ওদিকে ৬ ম্যাচ থেকে মাত্র ৩ পয়েন্ট পেয়েছে অ্যান্ডোরা। গ্রুপে তাদের পরে আছে আরেক ক্ষুদ্র দেশ সান ম্যারিনো। কাল হারলেই কাগজে-কলমেও অ্যান্ডোরার বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যেত, এর মধ্যেই ঘটল এ ঘটনা।আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন করেছে দুই দল। অনুশীলনও সেরে নিয়েছিলেন ইংল্যান্ডের খেলোয়াড়েরা। এরপরই আচমকা আগুন লাগার ঘটনা ঘটেছে। আপাতত জানা গেছে, আগুনে মাঠের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিংয়ের কাজে ব্যবহৃত মনিটরটা পুড়ে গেছে। আগুন শুধু ওইটুকু জায়গাতেই সীমাবদ্ধ থাকায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।