প্রাণ ফিরে পাবে লাখ লাখ শিক্ষার্থী

তৃতীয় শ্রেণির এক শিশু তার ফেসবুক পাতায় লিখেছে, ‘এত দিন তো বোর হলাম। যাক সেপ্টেম্বর ১২–তে স্কুল খুলবে। এখন আর বোর হব না। এখন স্কুলে যেতে পারব—অনেক মজা, চিল!’ আমার বিশ্বাস, এই পোস্টে দেশের লাখ লাখ শিক্ষার্থীর বর্তমান মনের অবস্থা দারুণভাবে প্রতিফলিত হয়েছে। এই মুহূর্তে দেশের সবচেয়ে খুশির সংবাদ হলো স্কুল খুলছে। শিক্ষার্থীরা তাদের শ্রেণিকক্ষে ফিরবে। আবার স্কুলে স্কুলে বসবে প্রাণের মেলা। কচিকাঁচার কলকাকলিতে ভরে উঠবে শিক্ষাঙ্গন। বিষণ্নতা আর হতাশার দিন শেষ হবে। প্রাণ ফিরে পাবে লাখ লাখ শিক্ষার্থী। এই উচ্ছ্বাসের মধ্যেও উদ্বেগের কালো ছায়াও অনেক অভিভাবককে আচ্ছন্ন করছে—তাদের প্রিয় সন্তান নিরাপদে স্কুল করতে পারবে তো?ঘরে বসে থেকে শিশুরা হাঁপিয়ে উঠেছে। স্কুল বন্ধ থাকায় লাখ লাখ শিক্ষার্থীর লেখাপড়া ব্যাহত হওয়ার পাশাপাশি তাদের মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে। ইউনিসেফের পক্ষ থেকে বলা হচ্ছে, দীর্ঘদিন শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরে রাখার পরিণতি মারাত্মক এবং সুদূরপ্রসারী। ফলে তাদের মতে স্কুল খোলা নিয়ে আর প্রতীক্ষা নয়। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হুঁশিয়ারি দিচ্ছে, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে এই অঞ্চলে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎ উৎপাদনশীলতা ও উপার্জন ক্ষমতা হ্রাস পেতে পারে, যা ২০৩০ সাল নাগাদ টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনকে যথেষ্ট চ্যালেঞ্জিং করে তুলবে। এই বাস্তবতায় শিক্ষাপ্রতিষ্ঠানের দরজাগুলো খোলার সিদ্ধান্ত সঠিক ও সময়োপযোগী। তবে স্কুল খোলার সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে মূল যে চ্যালেঞ্জটি সামনে এসেছে, তা হলো স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে স্কুল খোলা।এ প্রসঙ্গে বলা দরকার, বিশ্বজুড়ে যেসব দেশে শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খোলা হয়েছে, তাদের অভিজ্ঞতা থেকে জানা যায়, পর্যাপ্ত সংক্রমণ প্রশমনকৌশল গ্রহণ করলে শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থী–শিক্ষক ও কমিউনিটির মধ্যে রোগ সংক্রমণের ঝুঁকি কম। যুক্তরাষ্ট্রের তুলান বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড এডুকেশন চলতি বছরের জানুয়ারি মাসে প্রকাশিত ‘কোভিড-১৯ হাসপাতালে ভর্তির হারের ওপর স্কুল খোলার প্রভাব’ শীর্ষক একটি গবেষণায় দেখা যায় সরাসরি পাঠে আর দূরবর্তী পাঠের ক্ষেত্রে কোভিড-১৯ হাসপাতালে ভর্তির হারের ওপর স্কুল খোলার কোনো প্রভাব নেই। একইভাবে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একটি গবেষণা অনুযায়ী, স্কুল বন্ধ রাখা এবং কোভিড-১৯ সংক্রমণ হারের হ্রাসের মধ্যে সামান্য সম্পর্ক পেয়েছে।