গরিবের বিলাসিতা, কিন্তু রাতের বেলা যেমন তেমন হোক, তারও একটা বালিশ চাই

বালিশ আমাদের দৈনন্দিন জীবনে অতি আবশ্যকীয় একটি উপকরণ। জন্মের পর থেকে মৃত্যু অবধি বালিশের সঙ্গ ছাড়া একটি দিনও আমরা কল্পনা করতে পারি না। ক্লান্ত শরীরে একটুখানি বিশ্রাম ও আরামের তৃষ্ণায় বিছানায় গিয়ে যখন লুটিয়ে পড়ি, তখন বালিশই আমাদের প্রথম ও প্রধান অবলম্বন। তুলতুলে এই নরম বস্তু ছাড়া—কি মাটির চাটাইয়ে, কি সোনার পালঙ্কে—কোথাও আমরা একদণ্ড শুয়ে থাকতে পারি না, শান্তি পাই না! আমরা দিনের বেলা কাজ করি, আবার ফুরসত পেলে বালিশে মাথা রেখে, চোখ বুজে, পা নাড়াতে নাড়াতে আকাশকুসুম কল্পনা করতেও কসুর করি না।

যার একটা বালিশ নেই, ভেবে দেখুন, তার চেয়ে হতভাগা জগতে আর কে আছে!
আমি কখনো বালিশবিহীন ছিলাম না। তবু জীবনভর এই বালিশ নিয়ে আমার বিড়ম্বনারও শেষ নেই। যখন ক্লাস সেভেনে পড়ি, তখন আমার ছয় নম্বর ভাই ফরহাদের জন্ম হলো। আমি একদিন লক্ষ করলাম, শর্ষে দিয়ে বানানো ছোট্ট এক বালিশে নবজাত শিশুর মাথা রেখে মা তাকে চিত করে শুইয়ে রেখেছেন। আমি আম্মাকে জিজ্ঞেস করলাম, জন্মের পর তুমি কি এভাবে শর্ষে-বালিশের ওপর আমাকেও ঘুম পাড়াতে। তিনি উত্তর দিলেন, ‘নিশ্চয়ই, তা না হলে তোমার মাথা এত গোল হলো কী করে, বাবা?’ ওই দিন মাকে কোনো জবাব দিতে পারিনি। আজ তিনি বেঁচে থাকলে বলতাম, মা, তুমি শুধু আমার মাথাকেই গোল করোনি, আমার মগজটাকেও গোলাকার বানিয়ে দিয়েছ, আর তাই তো আমার সবকিছুতেই গন্ডগোল! পরিণত বয়সে এসে বুঝতে পারছি, বিদ্যা-বুদ্ধির জগতে বৃত্তাকারে ঘুরপাক খেতে খেতে ওই একই জায়গায় দাঁড়িয়ে আছি, কই, সামনে তো আর এগোতে পারলাম না!