ব্র্যান্ডভেদে নারকেল তেলের দাম লিটারে ৫০ থেকে ৭৫ টাকা করে বেড়েছে

উদ্ভিজ্জ তেলের বাজারে যেন দাম বৃদ্ধির প্রতিযোগিতা চলছে। সয়াবিন ও পাম তেলের বাজার আগে থেকেই উত্তপ্ত ছিল। ২০২১-২২ অর্থবছরের বাজেটে শর্ষের তেলের ওপরও সরকার ৫ শতাংশ শুল্ক বসিয়েছে। এতে এই তেলের দামও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় বাজারে নতুন করে দাম বেড়েছে নারকেল তেলের, যদিও এটি বাংলাদেশে মূলত চুলের যত্নেই ব্যবহার করা হয়।

গত রোববার ঢাকার বাজার ঘুরে দেখা যায়, ব্র্যান্ডভেদে নারকেল তেলের দাম লিটারে ৫০ থেকে ৭৫ টাকা করে বেড়েছে। কারওয়ান বাজারের শাহ পরান এন্টারপ্রাইজের মালিক শাহ পরান প্রথম আলোকে বলেন, এ মাসের শুরুতেও প্যারাসুট ব্র্যান্ডের নারকেল তেলের ২০০ এমএল বোতলের দাম ছিল ১২০ টাকা। বর্তমানে তা ১৩৫ টাকা। এই ব্র্যান্ডের ৫০০ এমএল বোতলের দামও ২৮০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩০৫ টাকা।