বিশ্বের দ্রুত তাপমাত্রা বেড়ে যাওয়া অঞ্চলগুলোর মধ্যে একটি হলো অ্যান্টার্কটিকা

অ্যান্টার্কটিকা মহাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এ তথ্য জানিয়েছে। খবর এএফপি।

ডব্লিউএমও বলছে, ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি আর্জেন্টিনার এস্পারাঞ্জা রিসার্চ স্টেশনে ওই তাপমাত্রার রেকর্ড করা হয়।

ডব্লিউএমওর মহাসচিব পেত্তেরি তালাস বলেন, সর্বোচ্চ তাপমাত্রার এই রেকর্ড যাচাই করা গুরুত্বপূর্ণ। কারণ, এই তাপমাত্রা বিশ্বের এই প্রান্তের আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে একটি চিত্র তুলে ধরতে সাহায্য করবে। তিনি আরও বলেন, বিশ্বের দ্রুত তাপমাত্রা বেড়ে যাওয়া অঞ্চলগুলোর মধ্যে একটি হলো অ্যান্টার্কটিকা। গত ৫০ বছরের মধ্যে অ্যান্টার্কটিকায় তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রার নতুন এই রেকর্ড জলবায়ুর যে পরিবর্তন আমরা লক্ষ করেছি, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।