জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিয়েছে

টেক জায়ান্ট গুগল ও আমাজনের পর এবার বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিয়েছে। আজ রোববার ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নিয়েছে ফেসবুক, যা ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত।এর আগে ২৩ মে গুগল এবং ২৭ মে আমাজন ভ্যাট নিবন্ধন নিয়েছিল। এখন থেকে এই তিনটি প্রতিষ্ঠানই নিয়মিত ভ্যাট রিটার্ন দাখিল করবে এবং ভ্যাটের অর্থ পরিশোধ করবে।
ফেসবুকের তিনটি প্রতিষ্ঠান তাদের আয়ারল্যান্ডের ঠিকানা ব্যবহার করে নিবন্ধন নিয়েছে বলে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট সূত্রে জানা গেছে। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে– ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড, ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল ও ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড।