চাঁদের বুকে মানুষ প্রথম পা রেখেছিল ১৯৬৯ সালে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাপোলো-১১ অভিযানের অর্ধশত বছর পূর্ণ হয়েছে ২০১৯ সালে। তার দুই বছর না যেতেই চন্দ্রজয়ের সেই অভিযানের অন্যতম সদস্য মাইকেল কলিন্স আর নেই।
বার্তা সংস্থা এএফপি জানায়, মাইকেল কলিন্সের পরিবার বলেছে, ক্যানসারের সঙ্গে লড়ে শেষ পর্যন্ত আজ বুধবার হেরে গেছেন এই মহাকাশচারী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
টুইটারে মাইকেল কলিন্সের অফিশিয়াল অ্যাকাউন্টে এক বিবৃতিতে কলিন্সের পরিবার বলেছে, ‘মাইক সব সময়ই নম্রতা আর কমনীয়তার সঙ্গে জীবনের চ্যালেঞ্জগুলো গ্রহণ করেছেন। তিনি একইভাবে তাঁর জীবনের শেষ চ্যালেঞ্জটিও গ্রহণ করেছেন।’






