মদের চেয়ে মোবাইলের কর বেশি

মদ বিক্রেতা, তামাক কোম্পানি ও কয়লাবিদ্যুৎকেন্দ্রের চেয়ে মোবাইল অপারেটরদের ওপর ন্যূনতম কর বেশি কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, মোবাইল অপারেটরদের লোকসান হলেও সেবা বিক্রি করে পাওয়া মোট টাকার ওপর ২ শতাংশ হারে আয়কর দিতে হচ্ছে। এ হার মদ বিক্রেতাদের ওপর শূন্য দশমিক ৬ শতাংশ, তামাকে ১ শতাংশ ও কয়লাবিদ্যুৎকেন্দ্রে শূন্য দশমিক ৫ থেকে শূন্য দশমিক ৬ শতাংশ।

মাহতাব উদ্দিন আহমেদ বলেন, মদ ও তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কয়লাবিদ্যুৎকেন্দ্র পরিবেশের জন্য ক্ষতিকর। অন্য দিকে মুঠোফোনসেবা দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। সেখানে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা কী দোষ করল যে তাদের ন্যূনতম কর মদ–তামাকের চেয়ে বেশি হবে।