ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য আবারও ফাঁস

৫৩ কোটির বেশি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য আবারও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, এ তথ্যগুলো এর আগেও ফাঁস হয়েছিল। আর এবার আরও ব্যাপক হারে ছড়িয়ে পড়ল।

ছড়িয়ে পড়া ডেটাসেটের মধ্যে রয়েছে ব্যবহারকারীর ফোন নম্বর, জন্মতারিখসহ ব্যক্তিগত নানা তথ্য। সংবাদ পোর্টাল ইনসাইডার এ তথ্যগুলোর একাংশ পরীক্ষা করে জানিয়েছে, অনেক ব্যবহারকারীর সঙ্গে তথ্য মিলে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ফাঁস হওয়া তথ্য থেকে ওই ব্যবহারকারীরা এখন আরও বেশি ক্ষতির মুখে পড়তে পারেন।
এদিকে তথ্যগুলো পুরোনো ডেটাসেটের অংশ বলে জানিয়েছে ফেসবুক, যা ২০১৯ সালেই সমাধান করা হয়েছে। তবু এ খবরে সামাজিক যোগাযোগমাধ্যমটিতে তথ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে সমালোচনা তৈরি হয়েছে।

গতকাল শনিবার ছড়িয়ে পড়া ডেটাসেটটি নিয়ে সচেতন করেন ইসরায়েলি সাইবারক্রাইম ইন্টেলিজেন্স নিয়ে কাজ করা প্রতিষ্ঠান হাডসন রকের সহপ্রতিষ্ঠাতা অ্যালন গাল। তিনি বলেন, ‘দুর্বৃত্তরা এ তথ্যগুলো নিশ্চয়ই হ্যাকিং, স্ক্যামিং, বিপণনসহ নানা খারাপ কাজে ব্যবহার করবে।’