ইমরান খানের পর তাঁর স্ত্রীর করোনা শনাক্ত হয়েছে

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পর তাঁর স্ত্রী ফার্স্ট লেডি বুশরা বিবির করোনা শনাক্ত হয়েছে। পাকিস্তানের ডন পত্রিকার অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল শনিবার প্রথমে ইমরান খানের করোনায় সংক্রমিত হওয়ার খবর আসে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ফয়সাল সুলতান টুইট করে ইমরান খানের করোনা শনাক্ত হওয়ার তথ্য জানান। টুইটে তিনি বলেন, ইমরান খান এখন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

টিকা নেওয়ার দুদিনের মাথায় ইমরান খানের করোনায় সংক্রমিত হওয়ার খবর আসে। ৬৮ বছর বয়সী ইমরান খান গত বৃহস্পতিবার করোনার টিকা নেন। তিনি চীনে তৈরি সিনোফার্মার টিকা নেন।

ফার্স্ট লেডি বুশরা বিবিও করোনায় সংক্রমিত হয়েছেন বলে পরে জানানো হয়। ইমরান খানের প্রবাসী পাকিস্তানি–বিষয়ক বিশেষ সহকারী সৈয়দ জুলফি বুখারি টুইট করে বুশরা বিবির করোনায় সংক্রমিত হওয়ার তথ্য জানান।

সৈয়দ জুলফি বুখারি টুইটে লিখেছেন, ‘আমাদের ফার্স্ট লেডি ও প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ তাঁদের দুজনকেই শেফা দান করুন।’