ব্যবসার মৌসুমেও করোনার ধাক্কা কাটিয়ে উঠতে পারছে না রাজধানীর পুরান ঢাকার ইসলামপুরের কাপড়ের ব্যবসায়ীরা। এমনিতে কেনাবেচায় মন্দা ভাব। এর সঙ্গে যুক্ত হয়েছে পাইকারি পর্যায়ে বিক্রির ওপর আরোপিত ৫ শতাংশ হারে ভ্যাট বা মূল্য সংযোজন কর (মূসক) আদায়ের কড়াকড়ি। এ কারণে ইসলামপুরের কাপড়ের পাইকারি বেচাকেনায় খরা চলছে।
ইসলামপুরের ব্যবসায়ীরা বলছেন, যেকোনো বছর ঈদের মাসখানেক আগে থেকে এ বাজারে কেনাবেচা বেশ জমজমাট থাকত। কিন্তু এ বছর মন্দা চলছে। একে তো করোনার প্রভাব, তার সঙ্গে ভ্যাট যুক্ত হওয়ায় কেনাবেচা কমে গেছে অর্ধেকের বেশি। যদিও চূড়ান্ত বিচারে ভ্যাটের বোঝা ভোক্তার ঘাড়েই চাপে।
জানতে চাইলে ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নেসার উদ্দিন মোল্লা বলেন, ২০১৯-২০ অর্থবছর থেকে পাইকারি পর্যায়ে বিক্রির ওপর ৫ শতাংশ ভ্যাট আরোপ হলেও গত কয়েক মাসে এ ভ্যাট আদায়ের তৎপরতা অনেক বেড়েছে। তাই ইসলামপুরের অনেক ক্রেতা নরসিংদীর বাবুরহাটসহ অন্যান্য বাজারে চলে যাচ্ছেন।
ইসলামপুরের পাইকারি বিক্রেতারা জানান, সাধারণত ঈদ সামনে রেখে কয়েক মাস আগে থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারি ক্রেতারা কাপড় কেনা শুরু করেন। এসব পাইকার পরে তা খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করেন। এ কারণে অতীতে এ সময়টাতে ইসলামপুর ক্রেতা-বিক্রেতায় সরগরম থাকত। কিন্তু সে তুলনায় এ বছর ক্রেতা কম। যদিও ইসলামপুরের পাইকারি বিক্রেতারা এবারের ঈদ সামনে রেখে করোনার ক্ষতি কাটিয়ে ওঠার আশা করেছিলেন। সেই আশা পূরণের সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না বলে বিক্রেতারা জানান।






