অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার কারণে রক্ত জমাট বাঁধার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ)। সংস্থাটি বলেছে, টিকার সম্ভাব্য ঝুঁকির তুলনায় এর কার্যকারিতা অনেক বেশি। স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় ইউরোপ ও ইউরোপের বাইরে বেশ কয়েকটি দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকার ব্যবহার স্থগিত হওয়ার পরিপ্রেক্ষিতে এ কথা জানাল ইএমএ। খবর এএফপির।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইএমএর বিশেষজ্ঞরা স্থানীয় সময় গতকাল মঙ্গলবার টিকা নিয়ে বৈঠকে বসেন। ইউরোপীয় সংস্থাগুলো আগামীকাল বৃহস্পতিবার অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে চূড়ান্ত তথ্য প্রকাশ করতে পারে।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত বড় তিন দেশ জার্মানি, ইতালি ও ফ্রান্স বলেছে, ইএমএর চূড়ান্ত সিদ্ধান্ত জানার পর তারা টিকাদান কর্মসূচি শুরু করবে। ইউরোপীয় মেডিসিন এজেন্সি বলেছে, এই দেশগুলোতে টিকার ব্যবহার চালিয়ে যাওয়া উচিত।
ইএমএর প্রধান এমার কুক স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস অ্যাস্ট্রাজেনেকার টিকা করোনাভাইরাস প্রতিরোধে সক্ষম। টিকা নেওয়ার পর করোনায় সংক্রমিত হলেও হাসপাতালে চিকিৎসা নেওয়া বা মৃত্যুর ঝুঁকি কমে। টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকির চেয়ে এসব উপকারিতার গুরুত্ব অনেক বেশি।






