কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মশালমিছিল করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীরা। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
দুপুরে শাহবাগ মোড় অবরোধের পর সেখান থেকে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সন্ধ্যা সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে (টিএসসি) থেকে মশাল মিছিল বের করেন বাম সংগঠনগুলোর নেতা-কর্মীরা। মিছিলটি শামসুন নাহার হল ও রোকেয়া হল প্রাঙ্গণ ঘুরে শাহবাগের দিকে যায়। সেখানে পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশীদের নেতৃত্বে আগে থেকেই ব্যারিকেড দিয়ে অবস্থান করছিল একদল পুলিশ।
মিছিলটি শাহবাগের জাতীয় গণগ্রন্থাগারের সামনে পৌঁছালে ব্যারিকেডের পেছনে থাকা পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের বাক্বিতণ্ডা হয়৷ এর একপর্যায়ে বাম সংগঠনের একজন নেতা হাতে থাকা মশাল পুলিশের ওপর ছুড়ে মারেন। এরপর পুলিশ লাঠি ও মশালের বাঁশ হাতে তাঁদের ধাওয়া দেয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে বাম সংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মীকে লাঠি দিয়ে বেদম পেটায় পুলিশ। বাম সংগঠনের কয়েকজন নারী সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিতও করে পুলিশ।






