অস্ট্রেলিয়ার ব্যবহারকারীরা ফেসবুকে আবার খবর দেখতে পাচ্ছেন। একটি আইনকে কেন্দ্র করে দেশটির সরকরের সঙ্গে বিরোধের জেরে কয়েক দিন এ সুযোগ থেকে সেখানকার মানুষকে বঞ্চিত রেখেছিল সামাজিক যোগাযোগমাধ্যমটি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আজ শুক্রবার অস্ট্রেলিয়ার ফেসবুক ব্যবহারকারীরা এই সুযোগ ফিরে পান। আলোচিত আইনটির বিষয়ে অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে সমঝোতার পর ফেসবুক দেশটিতে ফের সংবাদ আধেয় চালু করল।
অস্ট্রেলিয়ার গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো আজ সকাল থেকেই তাদের ফেসবুক পেজ আবার আপডেট করতে পারছে। তারা তাদের ফেসবুক পেজে খবর শেয়ার বা লিংক পোস্ট করতে পারছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার সাধারণ ব্যবহারকারীরা এখন ফেসবুকে সংবাদ আধেয় দেখতে পাচ্ছেন। সংবাদ শেয়ার করতে পারছেন।
আইনকে কেন্দ্র করে সরকারের সঙ্গে বিরোধের জেরে ১৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় সব সংবাদ আধেয় ‘বন্ধ’ করে দেয় ফেসবুক। অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে সমঝোতার পর ফেসবুক দেশটিতে সংবাদ আধেয় চালুর সিদ্ধান্ত নেয়। আজ তারা সিদ্ধান্ত কার্যকর করল।






