রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে (সম্মান) ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। ৭ মার্চ থেকে এ আবেদন শুরু হবে। আগ্রহী শিক্ষার্থীরা ১৮ মার্চ পর্যন্ত প্রাথমিক আবেদন করতে পারবেন। এই শিক্ষাবর্ষে প্রতি ইউনিটে বাছাই করা ৪৫ হাজার করে তিনটি ইউনিটে মোট ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে ভর্তি পরীক্ষার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
পরীক্ষা ছাড়াই (২০২০ সাল) এইচএসসি ও সমমানের পরীক্ষার মূল্যায়নে পাস করেছেন সবাই। মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন। এর মধ্য জিপিএ-৫ (গ্রেড পয়েন্ট এভারেজ) পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ১১ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েও ২০২০-২১ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না কয়েক হাজার শিক্ষার্থী। ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত নীতিমালা অনুযায়ী এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্যতা হারাবেন জিপিএ-৫ পাওয়া অনেক শিক্ষার্থী। আবার বিভাগ পরিবর্তনে ইউনিট রাখার ফলে ভাগ্য ফিরতে পারে জিপিএ-৫ পাওয়া অনেক শিক্ষার্থীর।
এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় মাদ্রাসা ও কারিগরিসহ ১১টি বোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৬১ হাজার ৮০৭ জন। এদের মধ্যে শুধু বিজ্ঞান বিভাগ থেকেই জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ২৩ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী। বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার, মানবিক বিভাগ থেকে মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ২০২০ সালের আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৪৮ জন পরীক্ষার্থী। ফলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন জিপিএ-৫ না পাওয়া কয়েক হাজার শিক্ষার্থী।






