স্পুতনিক-ভি অনুমোদন দিয়েছে ইরান

রাশিয়ার তৈরি করোনাভাইরাসের টিকা স্পুতনিক-ভি অনুমোদন দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এ কথা জানান। ভূরাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় টিকার অনুমোদনকে মস্কোর জয় হিসেবে দেখা হচ্ছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মধ্যপ্রাচ্যে করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণের সঙ্গে লড়াই করতে হচ্ছে ইরানকে। দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে, তারা নিজস্ব টিকা তৈরির পাশাপাশি কেবল রাশিয়া, ভারত বা চীনের তৈরি টিকার ওপর ভরসা করবে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আলোচনার পর গত সোমবার স্পুতনিক–ভি টিকাটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন জারিফ। তিনি বলেন, ভবিষ্যতে রাশিয়ার টিকা কেনার পাশাপাশি যৌথ উৎপাদন করবে তাঁর দেশ।