বার্সেলোনার দেনা

কয়েক বছর ধরেই এমনটা দেখা যাচ্ছে। আকাশচুম্বী দাম দিয়ে খেলোয়াড় কিনছে বার্সেলোনা, কিন্তু খেলোয়াড়দের পারফরম্যান্সে সেই দামের কোনো প্রতিফলন নেই। এসব ‘দামি’ ফুটবলার প্রমাণ করতে পারেননি তাঁদের দাম বেশি হওয়ার যৌক্তিকতা।

কিন্তু এই খেলোয়াড়দের সবাই যে বার্সেলোনার কাছ থেকে টাকা পেয়েছেন, এমনটা বলা যাচ্ছে না। সদ্য প্রকাশিত বার্সেলোনার এক আর্থিক প্রতিবেদন তো সে কথাই বলছে। দলবদলে বিভিন্ন পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে বেশ কয়েকজন খেলোয়াড়কে দলে টানলেও তাঁদের সব অর্থ এখনো পুরোপুরি পরিশোধ করে উঠতে পারেনি বার্সা। প্রতিবেদন অনুযায়ী, ইউরোপের বিভিন্ন ক্লাব থেকে বার্সেলোনায় আসা ১৯ ফুটবলারের এখনো ১২ কোটি ৬০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২৯৭ কোটি টাকা) বকেয়া।

ফিলিপ কুতিনিওর কথাই ধরুন। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারকে বার্সেলোনা লিভারপুল থেকে এনেছিল ১১ কোটি ৮০ লাখ ইউরোর বিনিময়ে। ব্রাজিলীয় তারকার দলবদলের অঙ্কটা চুক্তি অনুযায়ী বিভিন্ন শর্ত নিয়ে ঠেকত ১৬ কোটি ইউরোতে। জানা গেছে কুতিনিওর সাবেক ক্লাব লিভারপুল এখনো বার্সেলোনার কাছে ২ কোটি ৯০ লাখ ইউরো পায়। দীর্ঘ মেয়াদে সেটি ৪ কোটি ইউরো।