প্রতিটি শিশুর ১০ বছর বয়স পেরোনোর আগে পড়তে ও লিখতে পারতে হবে

জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৮ সালে শান্তি ও উন্নয়নে শিক্ষার অবদান তুলে ধরার লক্ষ্যে প্রতিবছর ২৪ জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়। করোনা অতিমারির দাপটে বিশ্বব্যাপী শিক্ষাব্যবস্থা বিপন্ন। এ বছরের আন্তর্জাতিক শিক্ষা দিবসকে তাই নতুন আলোকে দেখতে হবে। বাংলাদেশসহ নিম্ন আয়ের দেশগুলোতে শিক্ষাব্যবস্থার সুযোগ থেকে বঞ্চিত থাকা, অর্জিত দক্ষতার মান ও বৈষম্য নিয়ে বড় সমস্যা আগে থেকেই ছিল। বর্ষব্যাপী শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার ফলে এসব সমস্যা আরও প্রকটভাবে দৃশ্যমান হয়েছে। এগুলো থেকে উত্তরণের উপায় কী হতে পারে, তাই এখন সবার জন্য উদ্বেগের বিষয়।

শিক্ষাবিদেরা একমত যে প্রতিটি শিশুর ১০ বছর বয়স পেরোনোর আগে পড়তে ও লিখতে পারতে হবে। এই বয়সে বা অন্তত প্রাথমিক বিদ্যালয়ের সময়সীমার মধ্যে পড়া ও লেখার দক্ষতা অর্জন করতে না পারলে এই পিছিয়ে পড়া তাদের জন্য অনতিক্রম্য বাধায় পরিণত হয়। পরবর্তী শিক্ষাজীবনে তারা পিছিয়েই থাকে। শিক্ষায় এবং জীবনে সাফল্য তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।