হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের আজ শেষ দিন। স্থানীয় সময় বুধবার সকালে হোয়াইট হাউস থেকে ট্রাম্প চলে যাবেন। যাওয়ার আগে জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ বা বিদায়বেলায় করমর্দনের কোনো কর্মসূচি রাখেননি ট্রাম্প। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কর্মসূচিও একই ধরনের। উত্তরসূরি ফার্স্ট লেডি জিল বাইডেনকে কোনো আমন্ত্রণ জানাননি তিনি।
ট্রাম্প নিজেই জয়েন্ট এন্ড্রু বেস থেকে নিজের ফেয়ারওয়েল নেবেন। স্থানীয় সময় দুপুরে জো বাইডেনের শপথ নেওয়ার আগেই তিনি বোয়িং-৭৪৭ নিয়ে ফ্লোরিডার মার এ লাগোতে যাবেন। জো বাইডেন শপথ নেওয়ার ঠিক আগমুহূর্ত পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের উড়োজাহাজে এয়ারফোর্স ওয়ান সাইন থাকবে। এয়ারফোর্স ওয়ানের সাইন নিয়েই ফ্লোরিডা যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন ট্রাম্প।
ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও স্বামীর পথেই হাঁটছেন। ট্রাম্পের মতোই আচরণ করেছেন তাঁর স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। প্রথা অনুযায়ী পূর্বসূরি ফার্স্ট লেডি উত্তরসূরিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। নানা কক্ষ ঘুরে দেখান। হোয়াইট হাউসে বসবাসের বিষয়ে নানা তথ্য দেন। মেলানিয়াও উত্তরসূরি ফার্স্ট লেডি জিল বাইডেনকে কোনো আমন্ত্রণ করেননি।






