ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) আয়োজন আপাতত স্থগিত করা হয়েছে। মেলা হলে মানুষের সমাগম বেশি হবে এবং করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়বে—এমন বিবেচনা রেখেই এ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকার অদূরে পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। মেলা আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে এক সপ্তাহ আগেও বলা হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ এবারের মেলা শুরু হবে। একই দিন আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রটির উদ্বোধন করা হবে বলেও জানানো হয়েছিল।






