ফেডারেশন কাপে ৫ ম্যাচ খেলে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মোট গোল ১০টি। আত্মঘাতী একটি গোল বাদ দিলে ৯টি গোলই করেছিলেন বিদেশি তিন খেলোয়াড়।
স্পষ্ট করে বললে আর্জেন্টিনার রাউল বেসেরা পাঁচটি ও দুটি করে গোল ব্রাজিলের রবসন রবিনহো ও জোনাথন ফার্নান্দেজের। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে যায়, করোনায় বসুন্ধরার স্থানীয় ফুটবলাররা কি গোল করতে ভুলে গিয়েছেন?
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ গোল করে সেই প্রশ্নের সমাধান দিয়েছেন মোহাম্মদ ইব্রাহিম। বাংলাদেশি উইঙ্গারের গোল পাওয়ার ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে ২–০ গোলের জয়ে প্রিমিয়ার লিগ শুরু করেছে বসুন্ধরা। বর্তমান চ্যাম্পিয়নদের অন্য গোলটি আর্জেন্টিনার স্ট্রাইকার রাউল বেসেরার।
ফেডারেশন কাপ ও লিগ মিলিয়ে এই মৌসুমে মোট ছয়টি ম্যাচ খেলেছে বসুন্ধরা। প্রতিটি ম্যাচেই একটি করে গোল করেছেন বেসেরা। তবে বসুন্ধরার জন্য স্বস্তির বিষয় হলো দেশি ফুটবলারদের গোলের রাস্তাটা চেনা।
এতে নতুন মৌসুমে গোলের খাতায় ব্রাজিল ও আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের নামটাও যে উঠল।
ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হওয়ার ৭২ ঘণ্টার মধ্যেই আজ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে মাঠে নামে বসুন্ধরা। ফাইনালের একাদশ থেকে কেবল মিডফিল্ডার মাসুক মিয়া ও উইঙ্গার মতিন মিয়াকে বিশ্রামে রেখেছিলেন কোচ অস্কার ব্রুজোন।
মাসুকের জায়গার আলমগীর কবির ও মতিনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন মাহবুবুর রহমান।
বসুন্ধরাকে ঠেকাতে পাঁচ ডিফেন্ডার নিয়ে ৫–৩–২ ফরমেশনে দল সাজিয়েছিলেন বারিধারা কোচ শেখ জাহিদুর রহমান। উদ্দেশ্য পরিষ্কার, গোলমুখে বাঁধ দেওয়ার চেষ্টা। পাঁচ ডিফেন্ডার জমাট থাকায় বসুন্ধরার জন্য গোলমুখ খোলাও কষ্ট হয়ে যাচ্ছিল।






