‘সংশপ্তক’ নাটকের মালু চরিত্রের কথা নিশ্চয় সবার মনে আছে। অভিমান থেকে লম্বা সময় ধরে অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন মালুখ্যাত মুজিবুর রহমান দিলু। হঠাৎ করে আজ বুধবার সকালে তাঁর খবর পাওয়া গেল। তবে অভিনয়ের কোনো কাজে নয়, জানা গেল তিনি এখন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। যোগাযোগ করা হয় তাঁর পরিবারের সঙ্গে। বড় ছেলে অয়ন রহমান জানালেন, তাঁর বাবাকে গতকাল মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
অয়ন জানালেন, বাবার ফুসফুসে সমস্যা ধরা পড়েছে। চিকিৎসক জানিয়েছেন, ‘বাবার শরীরের বাঁ পাশের ফুসফুস ৭০ ভাগ আক্রান্ত হয়েছে। আর ডান পাশেরটা ১০ ভাগ। এদিকে কোভিড-১৯–এর উপসর্গও আছে। আজ টেস্ট করানো হয়েছে। কাল প্রতিবেদন হাতে পেলেই আমরা জানতে পারব কোভিড-১৯–এর অবস্থা।’






