অনন্য মামুনের পরিচালক সদস্যপদ সাময়িক স্থগিত

‘অশ্লীল’ ও ‘কুরুচিপূর্ণ’ শব্দ ব্যবহারের দায়ে নির্মাতা অনন্য মামুনের পরিচালক সদস্যপদ সাময়িক স্থগিত হয়েছে। বাংলাদেশ পরিচালক সমিতি সূত্রে জানা গেছে, তাঁকে আজীবন সমিতির সদস্যপদ থেকে বহিষ্কারের কথা ভাবছেন বর্তমান কমিটির সদস্যরা। আগামী সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেবেন তাঁরা। পর্নোগ্রাফি আইনের মামলায় আটক অনন্য মামুন বর্তমানে কারাগারে বন্দী।

সম্প্রতি ‘নবাব এলএলবি’ ছবির একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই দৃশ্যে পুলিশকে ‘হেয়’ করার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে মামলা করে। সেই মামলায় পরিচালক অনন্য মামুন গ্রেপ্তার হন। দৃশ্যে অশ্লীল শব্দ ব্যবহার করায় মামলাটিকে যুক্তিসংগত মনে করছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার জানান, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী তাঁরা সংগঠন থেকে অনন্য মামুনের সদস্যপদ সাময়িক স্থগিত করেছেন।  ১৬ জানুয়ারি পরিচালক সমিতির সাধারণ সভা। সে সময় সমিতির কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে সবার সম্মতিতে আরও বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানান গুলজার।