বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হচ্ছেন ইংল্যান্ডের জন লুইস

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হচ্ছেন ইংল্যান্ডের জন লুইস। আজ বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে লুইসের দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

১০ জানুয়ারি শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে লুইস কালই আসছেন ঢাকায়। পরদিন আসবেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গোসহ কোচিং স্টাফের বাকি সদস্যরা।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সফরের জন্য লুইসকে দায়িত্ব দেওয়া হয়েছে। দুই সিরিজে পারফরম্যান্স দেখে তাঁকে রাখার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান আজ বলেছেন, ‘তিনি (লুইস) কাল-পরশুর মধ্যে আসবেন। তিনি এলে সামনাসামনি কথা বলব। করোনার কারণে কেউ লম্বা সময়ের জন্য চুক্তিতে যেতে চাচ্ছে না। এখন প্রথম দু-একটা সিরিজ দেখি কেমন করে। ভালো হলে চেষ্টা করব তাঁকে রাখার।’

গত জুলাই মাসে পারিবারিক কারণে ব্যাটিং পরামর্শকের দায়িত্ব ছাড়েন দক্ষিণ আফ্রিকার নিল ম্যাকেঞ্জি। এরপর নিউজিল্যান্ডের ক্রেগ ম্যাকমিলানকে চাকরি দেওয়া হয়।

কিন্তু কাজে যোগ দেওয়ার আগেই বাবার মৃত্যুর কারণে চাকরি ছাড়েন ম্যাকমিলান। পরে বিসিবি বেছে নেয় শ্রীলঙ্কার সাবেক ব্যাটিং কোচ লুইসকে।

ইংল্যান্ডের ডারহাম কাউন্টি ক্লাবের হয়ে দীর্ঘদিন খেলেছেন লুইস। সাসেক্স এবং এসেক্সেও খেলেছেন তিনি। ২২ বছরের দীর্ঘ ক্যারিয়ারে সব মিলিয়ে ২০৫টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে ১৬ সেঞ্চুরিতে ১০ হাজার ৮২১ রান করেছেন এই ইংলিশ ক্রিকেটার।