‘প্লানার’ সিনেমায় একটা বিশেষ চরিত্রে দেখা দেবেন নওশাবা। এই সিনেমায় সাবিনা ইয়াসমীনের গাওয়া ‘খুঁজি মানুষ’ শিরোনামে একটি গানে নাচতে দেখা যাবে নওশাবাকে।
তবে গানটিকে মোটেও ‘আইটেম সং’ বলতে রাজি নন নওশাবা। কেন? বললেন, ‘এটাকে আইটেম সং বলার কোনো কারণ নেই। আইটেম সংয়ের সঙ্গে চটুল শব্দটা জড়িত। কিন্তু এই গানের ভেতরে একটা গভীর দর্শন আছে। কাজটার প্রস্তাব পেয়ে আমি প্রথমে গানের লিরিক পাঠাতে বললাম। গানের কথা অনেকটা এ রকম, মানুষ বহুরূপী। নানা রূপে বাঁচতে বাঁচতে সে নিজেকেই হারিয়ে ফেলে। তারপর জানলাম গানটা গাইবেন সাবিনা ইয়াসমীন। সব মিলিয়ে রাজি হয়ে গেলাম। দর্শক এর আগে কখনো আমাকে এভাবে দেখেনি। আশা করছি, ভালো লাগবে।’‘প্লানার’ ছবিটি পরিচালনা করেছেন সি বি জামান। এসএইচকে প্রোডাকশনের ব্যানারে থ্রিলারজাতীয় এই ছবির শুটিং শেষ। ছবিতে অভিনয় করছেন সামস কাদির, ফারিণ, শিমুল খান, আমান রেজাসহ আরও অনেকে। ছবির শুটিং প্রায় শেষ। এক লটের কাজ বাকি। ‘খুঁজি মানুষ’–এর মাধ্যমে দীর্ঘদিন পর সিনেমার গানে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমীন। গানটি লিখেছেন সঞ্জীবন চক্রবর্তী। সুর করেছেন দ্বীন ইসলাম।






