প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ

করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার উৎসব ছাড়াই শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ।

আজ ১ জানুয়ারি শুক্রবার সকাল থেকে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে এই বই দেওয়া হচ্ছে। শিক্ষার্থী ও অভিভাবকেরা করোনার স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে বিদ্যালয়ে এসে বই নিচ্ছেন। প্রাথমিকে শিক্ষার্থীদের পক্ষে অভিভাবকেরা স্কুলে গিয়ে বই নিচ্ছেন। তবে মাধ্যমিকের ক্ষেত্রে শিক্ষার্থীরা স্কুল থেকে বই নিচ্ছে।

করোনার সংক্রমণের কারণে এবার একদিনেই সব শিক্ষার্থী নতুন বই পাবে না। কয়েক দিন ধরে ভাগ ভাগ করে এই বই দেওয়া হচ্ছে।

সরকারি সিদ্ধান্ত হলো, করোনার কারণে এবার একেকটি শ্রেণির শিক্ষার্থীদের তিন দিন করে বই দেওয়া হবে। এভাবে মাধ্যমিকে ১২ দিন ধরে বই দেওয়া হবে। অন্যদিকে, যেসব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কম, সেখানে একদিনেই বই দেওয়া হচ্ছে। আর যেসব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী তুলনামূলক বেশি, সেখানে তিন দিন বই দেওয়া হবে।

সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে গিয়ে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী বই নিয়ে বাসায় ফিরছে। তাদের একজন আনাস ভূঁইয়া। তার বাসা মোহাম্মদপুরের কলেজগেট এলাকায়। সে নতুন বই নিতে তার মায়ের সঙ্গে স্কুলে আসে। আনাস জানায়, সে এবার ষষ্ঠ শ্রেণিতে উঠেছে।

হাসিমুখে আনাস বলে, আজ বছরের প্রথম দিন নতুন বই পেয়ে তার খুবই ভালো লাগছে। আরও ভালো লাগছে অনেক দিন পর স্কুলে আসতে পেরে। আজ স্কুলে অনেক বন্ধুর সঙ্গে তার দেখা হয়েছে।

প্রায় একই ধরনের কথা বলল একই শ্রেণির শিক্ষার্থী তানজীম আলম ও ইয়ামিন আরাফাত।

স্কুলটির শিক্ষক আতাহার হোসেন প্রথম আলোকে বলেন, আজ শুধু দ্বিতীয় ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর একাংশের হাতে বই তুলে দেওয়া হচ্ছে। এই দুই শ্রেণির বই দেওয়া হবে তিন দিন।