আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি আরব

সৌদি আরব গতকাল রোববার সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এ ছাড়া সড়ক ও সমুদ্রপথে দেশটিতে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে সৌদি আরব এমন পদক্ষেপ নিল। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব কোনো ব্যতিক্রম ছাড়া এক সপ্তাহের জন্য সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করছে। এই স্থগিতাদেশের সময় আরও এক সপ্তাহের জন্য বাড়তে পারে।