১৫ দিন পরে বাসায় ফিরলেন সংগীতশিল্পী বেবী নাজনীন। পুরোপুরি সুস্থতার জন্য তাঁকে আরও ১৪ দিন বাসায় আইসোলেশনে থাকতে হবে। পারিবারিক সূত্র জানিয়েছে, এই শিল্পী এখন আগের চেয়ে ভালো আছেন। গত ১৮ নভেম্বর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন কোভিড-১৯ পরীক্ষার রিপোর্টে তাঁর পজিটিভ শনাক্ত হয়। হাসপাতালে তিনি করোনা চিকিৎসা নিচ্ছিলেন।
সে সময় ১০৫ ডিগ্রি জ্বর ও শারীরিক দুর্বলতা দেখা দিলে বেবী নাজনীনকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে এই শিল্পীর পাশে ছিলেন তাঁর ছেলে মহারাজা অমিতাভ এবং বোন রিনি সাবরিন।
বেবী নাজনীন বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রে থাকেন। ছেলে মহারাজা যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। এ ছাড়া গান গাওয়ার জন্য প্রায়ই বিভিন্ন দেশে যান বেবী নাজনীন।চলতি বছরের শুরুতেই তিনি যুক্তরাষ্ট্রে যান। গত মার্চ মাসে দেশে ফেরার কথা থাকলেও বিশ্বব্যাপী করোনা মহামারি সংক্রমণে তাঁর আর দেশে ফেরা হয়নি। এই সংগীতশিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশের নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ‘এলোমেলো বাতাসে’, ‘রংধনু থেকে’, ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘দুচোখে ঘুম আসে না’, ‘কাল সারা রাত ছিল’, ‘ও বন্ধু তুমি কই’—এমন অনেক জনপ্রিয় গানের মাধ্যমে সংগীতপ্রিয় মানুষের প্রিয় শিল্পী হয়ে ওঠেন তিনি।






