৪০০ মেয়েকে বিদেশি দক্ষ কোচের অধীনে রেখে দীর্ঘ মেয়াদে অনুশীলন করাতে চায় বিকেএসপি

প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিকমানের খেলোয়াড় তৈরি করে আসছে বাংলাদেশে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। খেলোয়াড় তৈরির জন্য প্রতিষ্ঠানটিতে আছে উন্নত অবকাঠামো, সুন্দর পরিবেশ ও দক্ষ কোচিং স্টাফ। যেখানে বেড়ে উঠে বিশ্ব ক্রিকেট মাতাচ্ছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের মতো ক্রিকেটাররা।

শুধু ক্রিকেট নয়, সব খেলাতেই আছে খেলোয়াড় তৈরির কারখানার ছাত্রছাত্রীদের প্রাধান্য। ফুটবলে উঠে এসেছেন মাসুদ রানা, হাসান আল মামুন, ফিরোজ মাহমুদ, মামুনুল ইসলামের মতো তারকারা; যাঁরা দীর্ঘ সময় দেশের ফুটবলে পতাকা বহন করেছেন। হকিতে আছেন মামুনুর রশিদ, রাসেল মাহমুদরা।

নারী খেলোয়াড় তৈরিতেও পিছিয়ে নেই প্রতিষ্ঠানটি। অ্যাথলেটিকসে ফৌঁজিয়া জুঁই, সাঁতারে মাহফুজা আক্তার শিলা, শুটিংয়ে শারমিন আক্তার-জাকিয়া সুলতানারা দেশের হয়ে আলো ছড়িয়েছেন।বর্তমানে জাতীয় নারী ক্রিকেট দলের নাহিদা নাহিন, রাবেয়া খান, মুর্শিদা খাতুনরা এই প্রতিষ্ঠানেরই। ক্রিকেটার মুর্শিদা তো কয়েক দিন আগে ইএসপিএন ক্রিকইনফো ভবিষ্যৎ নারী ক্রিকেট তারকার ছোট তালিকাতেও উঠে এসেছেন। এছাড়া ফুটবলে আছেন আঁখি খাতুন, ঋতুপর্ণা চাকমা; আন্তর্জাতিক আর্চারিতে নিশানা ভেদ করতে জুড়ি নেই দিয়া সিদ্দিকীরও।