খেলাপি ঋণ ঊর্ধ্বমুখী

বাংলাদেশে যদিও ঋণ নিতে অনেক কাঠখড় পোড়াতে হয়, তবে ভালো একটি ব্যবসা হলে এবং ব্যাংক ব্যবস্থাপক বা কর্মকর্তাকে ব্যবসার ভবিষ্যৎ বোঝাতে পারলে আপনি আগে হোক কিংবা পরে হোক ঋণ পাবেন। আর যদি ব্যাংক ব্যবস্থাপক বা পরিচালক পর্যায়ে বন্ধুত্বমূলক পরিচিতি থাকে, তাহলে অনেক তাড়াতাড়িও ঋণ পেয়ে যেতে পারেন। কিন্তু আপনার নিয়ন্ত্রণের বাইরের কারণে কিংবা যাকে আমরা বলি ‘অ্যাক্ট অব গড’-এর কারণে যদি আপনার ঋণ মন্দ হয়ে যায়, ব্যবসায় যেকোনো কারণে যদি আপনি পিছিয়ে পড়েন, অন্য বেশির ভাগ দেশের মতো আমাদের দেশে কিন্তু আপনাকে দেউলিয়া ঘোষণা করে ব্যবসা থেকে বেরিয়ে যাওয়ার পথ কেউ করে দেবে না। যুক্তরাষ্ট্রের মতো চ্যাপটার ১১, চ্যাপটার ৭ বা ১৩-এর কথা এখানে আপনি শুনবেন না। আপনার মন্দ ঋণ নিয়ে ব্যাংক ভুগবে, আপনি ভুগবেন, এমনকি ভুগবে আপনার ভবিষ্যৎ প্রজন্ম। বৈশ্বিক বা স্থানীয় পরিস্থিতি যা-ই হোক না কেন, আপনি দায়মুক্তি পাবেন না বা ব্যবসা থেকে বেরোতে পারবেন না।
দেশে খেলাপি ঋণ ঊর্ধ্বমুখী। খেলাপি সংস্কৃতি প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিস্তার লাভ করেছে অনেক বেশি। শুধু ইচ্ছাকৃত ঋণখেলাপি নয়, অনেক বড় করপোরেট প্রতিষ্ঠানও আজকাল ঋণ পরিশোধের ব্যাপারে অনীহ। কেউ কেউ হয়তো বৈশ্বিক বা স্থানীয় ব্যবসায়িক পরিবেশের কারণে ঋণ ফেরত দিতেও পারছেন না। আর্থিক খাতে খেলাপি ঋণের রাশ টানতে কেন্দ্রীয় ব্যাংকসহ সংশ্লিষ্টরা, এমনকি ব্যবসায়ী নেতারাও দেউলিয়া আইনের প্রয়োগ চাইছেন। কিন্তু বিদ্যমান আইনে রয়েছে কিছু সীমাবদ্ধতা। এ আইনে শুধু ব্যক্তি বা ব্যক্তি প্রতিষ্ঠানের দেউলিয়া ঘোষণার বিধান থাকলেও করপোরেট প্রতিষ্ঠানের দেউলিয়া ঘোষণার বিধান নেই। ফলে, করপোরেট প্রতিষ্ঠানের কাছে আটকে থাকা ঋণ আদায় করা যাচ্ছে না। উল্লেখ্য, অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে কোম্পানির কাঠামোয় পরিবর্তন আসায় প্রাধান্য বাড়ছে ব্যক্তি প্রতিষ্ঠান-কোম্পানির চেয়ে করপোরেট ধরনের বড় বড় কোম্পানির। এসব প্রতিষ্ঠান আর্থিকভাবে অসমর্থ হলেও পাওনাদারের দায় মেটানোর এখতিয়ার বর্তমান আইনে অনুপস্থিত। এ জন্য দেউলিয়া আইন সংশোধন করে ‘করপোরেট দেউলিয়াত্ব’ নামে নতুন একটা অনুচ্ছেদ সংযোজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ অনুচ্ছেদের ক্ষমতাবলে যেসব করপোরেট প্রতিষ্ঠান অনেকটা ইচ্ছা করেই ঋণ পরিশোধ করছে না, পাওনাদারের দায় মেটাচ্ছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। নিঃসন্দেহে এটি একটি সময়োপযোগী পদক্ষেপ। অংশীজনদের মতামতের ভিত্তিতে বিধানটি দ্রুত সংযোজন এবং এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করা করা গেলে করপোরেট সুশাসন প্রতিষ্ঠায় এটি বড় ভূমিকা রাখবে বৈকি।
তবে এটাও লক্ষণীয়, আর্থিক অবস্থা খারাপ হলে বিদ্যমান আইন অনুযায়ী সুনির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের একেবারেই যবনিকা ঘটে। আর্থিকভাবে বিপর্যয়ে পড়ে সেসব প্রতিষ্ঠানকে একেবারে বন্ধ না করে পুনরায় চালু করার বিধান বিভিন্ন দেশে রয়েছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথা বিশেষভাবে উল্লেখ করা যায়। দেশটিতে কোনো প্রতিষ্ঠান দেউলিয়া ঘোষিত হওয়ার আগে পাওনাদারদের সঙ্গে ঋণ পরিশোধের বিষয়ে সমঝোতা চুক্তি বা ঋণ পুনর্গঠনের সুযোগ নিতে পারে। এ সুবিধা নিয়ে আদালতের সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে ব্যবসায়ে ফিরিয়ে আনার সুযোগ গ্রহণ করতে পারে। আদালত প্রদত্ত সময়ের মধ্যে প্রতিষ্ঠানটিকে পুনর্গঠন করতে না পারলে তারা দেউলিয়া ঘোষিত হওয়ার জন্য পুনরায় আদালতে আবেদন করতে পারে।