যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিশ্বজুড়ে তুমুল আলোচনা চলছে। কে জয়লাভ করবেন? নির্বাচনে পূর্বাভাসের ক্ষেত্রে মতামত জরিপ এবং সারা দেশ মিলে কে কত ভোট পাবেন, এ দুই বিষয়েই সারা বিশ্বের গণমাধ্যম সরব।
পূর্বের অভিজ্ঞতা বলে, মতামত জরিপগুলো কাজ করেনি। ১৯৮২ সালে লস-অ্যাঞ্জেলেসের মেয়র ব্রাডলি ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে নির্বাচনে দাঁড়ালে মতামত জরিপগুলো বলেছিল, তিনি বিপুল ভোটে জিতবেন। কিন্তু তেমনটি হয়নি। ‘ব্রাডলি ইফেক্ট’ মতামত জরিপকে সংশয়ে ফেলেছে। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র, ভারত বা যুক্তরাজ্যে মতামত জরিপের সঙ্গে প্রকৃত ফলাফলের ফারাক দেখা গেছে। দেশব্যাপী কে কত ভোট পেল, তার ভিত্তিতেও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন না।
মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদের প্রথম ধারার দ্বিতীয় উপধারা অনুযায়ী ইলেকটোরাল কলেজ প্রেসিডেন্ট নির্বাচিত করে। সিনেটের ১০০ জন, প্রতিনিধি পর্ষদের ৪৩৫ জন সমতা বিধান করে ও ২৩তম সংশোধনীর আলোকে ওয়াশিংটন ডিসির ৩ জন ধরে মোট ৫৩৮ জন ইলেকটোরাল কলেজ প্রতিনিধি। এ নিয়মের গণতান্ত্রিকতা নিয়ে প্রশ্ন আছে। ফেডারেল পদ্ধতির হওয়ায় বিভিন্ন রাজ্যের বিভিন্ন বিধি-বিধানের কারণেও অনেকে ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারেন না।
এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের রাজনৈতিক ইতিহাসের আলোকে একটি রাজনৈতিক জনমিতি মডেল উপস্থাপন করে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সাতটি নিয়ামক বিশ্লেষণে করা হয়েছে।
প্রথমত, লাতিন আমেরিকার সাদা বর্ণের মানুষ বাদ দিলে সম্প্রতি যুক্তরাষ্ট্রে সাদাদের সংখ্যা কমছে। সাদা বর্ণের জনগণ ১৯৯৬ সালের নিবন্ধিত ভোটারের ৮৫ শতাংশ থেকে কমে ৬৯ শতাংশে দাঁড়িয়েছে। অন্যান্য বর্ণের ভোটারের সংখ্যা বাড়ছে। কালো বা আফ্রিকান আমেরিকানরা ১১, লাতিনরা ৮ আর পুরো এশিয়া অঞ্চলের বংশোদ্ভূতরা মোট ভোটারের ৬ শতাংশ। সাদা ভোটারের সংখ্যা আপেক্ষিকভাবে কমলেও নির্বাচনের ফলাফল নির্ধারণে নিয়ামক।১৯৩০-এর দশক থেকেই ডেমোক্রেটিক পার্টির বড় আবির্ভাব। রুজভেল্টের উত্থানকালে কালোরা খুব কমই ছিল। কালোরা ১৯৬০ সাল থেকে অর্থাৎ সিভিল রাইটস আন্দোলনের কাল থেকে ডেমোক্রেটিক পার্টির দিকে ঝুঁকতে শুরু করেন, এখন অধিকাংশ কালো এ দলকে সমর্থন করেন। এককালে তাঁদের পার্টি তথা আব্রাহাম লিঙ্কনের গ্র্যান্ড ওল্ড পার্টিই ছিল। এটা মার্কিন রাজনীতির বড় বাঁক।
দ্বিতীয়ত, জ্ঞান-বিজ্ঞানের সব শাখায় মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও বিরাট অংশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন না, যা নিবন্ধিত ভোটারের প্রায় দুই-তৃতীয়াংশ (৬৫ শতাংশ)। বিশ্ববিদ্যালয়ে না যাওয়া সাদা বর্ণের নিবন্ধিত ভোটারসংখ্যা ১৯৯৬ সালে ছিল ৪৫ শতাংশ, এটা কমে ৪১ শতাংশ হয়েছে। একসময় অধিকাংশ শিক্ষিতরা রিপাবলিকান পার্টির সমর্থক হলেও এ অংশটিই সাম্প্রতিক কালে ডেমোক্রেটিক ভোটার।
তৃতীয় বাঁক দেখলে দেখা যাবে, যুক্তরাষ্ট্রে ৫০ বছর বা তদূর্ধ্ব বয়সের মানুষের সংখ্যা বাড়ছে; ৪৪ শতাংশ থেকে ৫০-৫২ শতাংশ হয়েছে। অন্যদিকে যুবকেরাও বেড়েছেন, যদিও ভোটদানে তাঁদের উৎসাহ প্রবীণদের চেয়ে কম। প্রবীণ সাদাদের রিপাবলিকান পার্টির দিকে ঝোঁক থাকলেও করোনাক্রান্তি তাঁদের বড় বেগ দিয়েছে।






