শিক্ষার্থীদের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাতিষ্ঠানিক ই-মেইল সেবা চালু করেছে। রোববার বেলা ১১টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান এই কার্যক্রমের উদ্বোধন করেন। এত দিন কেবল বিশ্ববিদ্যালয়ের অফিস, শিক্ষক, গবেষক ও কর্মকর্তারা প্রাতিষ্ঠানিক ই-মেইল সুবিধা পেতেন।
উপাচার্য এম আবদুস সোবহান বলেন, শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই প্রাতিষ্ঠানিক ই-মেইল সেবা চালু করল। এতে সংশ্লিষ্ট সবার উচ্চশিক্ষা, গবেষণা ও প্রাসঙ্গিক বিষয়ে দেশ-বিদেশে যোগাযোগসহ অন্যান্য সেবা গ্রহণ সহজতর হলো। এই সেবা ব্যবহারে সবাই দায়িত্বশীল হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এই সেবা চালু করার জন্য বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান উপাচার্য।






