শুক্রবারের ফাইনাল বৃষ্টি নিল রোববারে

সকাল থেকেই অবিরত বৃষ্টি মিরপুরে। বৃষ্টিবাধায় সকালে মাহমুদউল্লাহ একাদশ ঠিকঠাক অনুশীলনও করতে পারেনি। শুধু অনুশীলনই নয়, বৃষ্টির কারণে আগামীকাল বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালও পেছাচ্ছে। শুক্রবারের ফাইনালটি হবে রোববার।

তামিম একাদশকে হারিয়ে গতকাল ফাইনাল নিশ্চিত করেছে নাজমুল একাদশ। তামিমেরা হেরে যাওয়ায় বড় উপকার হয়েছে মাহমুদউল্লাহ একাদশের। তারাও চলে গেছে ফাইনালে। যে ফাইনাল নিয়ে সবার অপেক্ষা, সেটিই এখনো পেছাচ্ছে দুদিন। বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশের ফাইনাল নিয়ে যাওয়া হয়েছে রোববার। আগামী ৭২ ঘণ্টার দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফাইনাল শুরুর সময়টা লিগ পর্বের ম্যাচের মতো দেড়টায় থাকছে।