করোনার এমন বাস্তবতায় ডিসেম্বরে শেষ হতে চলছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের চলতি শিক্ষাবর্ষ

শিক্ষাক্রম অনুযায়ী ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বছরে বাংলা ও ইংরেজি বিষয়ে ১৭৪টি করে ক্লাস করার কথা। শিক্ষাক্রমে বিভিন্ন বিষয়ে ক্লাসের এমন হিসাব থাকলেও করোনার সংক্রমণের কারণে এ বছর মাত্র তিন ভাগের এক ভাগের মতো ক্লাস হয়েছে। চলতি বছর আর শ্রেণিকক্ষে সরাসরি ক্লাসের সম্ভাবনাও নেই।

এ কারণে শিক্ষাক্রম অনুযায়ী পড়াশোনা না হওয়ায় নির্ধারিত শিখনফল অর্জন করতে পারছে না শিক্ষার্থীরা। টিভি বা বিচ্ছিন্নভাবে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হলেও তাও খুব কার্যকর হচ্ছে না।

করোনার এমন বাস্তবতায় ডিসেম্বরে শেষ হতে চলছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের চলতি শিক্ষাবর্ষ। অন্যান্য স্তরের শিক্ষাবর্ষও একই পথে চলছে। এর মধ্যে এখন সরাসরি বার্ষিক পরীক্ষা ছাড়াই ‘ভিন্ন উপায়ে’ মাধ্যমিক স্তরের মূল্যায়নের পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। বার্ষিক পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানাতে আজ বুধবার সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। প্রাথমিকেও পরীক্ষায় ছাড়াই শিক্ষার্থীদের ওপরের শ্রেণিতে উত্তীর্ণ করার চিন্তাভাবনা চলছে।