রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিভিন্ন বর্ষে ভর্তির সব প্রক্রিয়া অনলাইনভিত্তিক করা হয়েছে। এতে বিভিন্ন বর্ষে ভর্তির জন্য শিক্ষার্থীদের বিভিন্ন অফিস কিংবা ব্যাংকে যেতে হবে না। আজ সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এসব তথ্য জানায়।
সোমবার বেলা ১১টায় উপাচার্য ভবনে এ সংক্রান্ত আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এ কার্যক্রমের বিস্তারিত উপস্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. বাবুল ইসলাম এ পদ্ধতি সম্পর্কে প্রাথমিক ধারণা দেন। এরপর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এ এফ এম মাহবুবুর রহমান এ বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত মাল্টিমিডিয়ায় উপস্থাপন করেন।
জনসংযোগ দপ্তর জানায়, কেবল স্নাতক প্রথম বর্ষে ভর্তির সব কার্যক্রম ও প্রয়োজনীয় ফি পরিশোধ সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন করা যেত। এখন অন্য বর্ষের ভর্তিপ্রক্রিয়াও অনলাইনে করা যাবে। এ জন্য শিক্ষার্থীদের অন্য কোনো অফিস বা ব্যাংকে যেতে হবে না।






