‘এই যে পুরুষ! একটু দাঁড়ান। আমার আইডিতে একটু চোখ রাখুন, একটু ভালো করে পড়ুন, এই কান্না একজন নারীর। এই নারী আপনাকে–আমাকে জন্ম দিয়েছে। এই নারী আমার জীবনের একজন প্রিয়দর্শিনী, এই নারী আমার বোন, এই নারী আমার সন্তান। আজ আমার এই পোস্টে ছবি দিলাম না, লজ্জায়, ঘৃণায়। আমি পুরুষ, কিন্তু কাপুরুষ নই। প্রতিবাদ হবে টেকনাফ থেকে তেঁতুলিয়া অবধি।’ কান্নারত এক নারীর ছবিসহ ফেসবুকে এ পোস্ট লিখেছেন নায়ক ওমর সানী। সারা দেশে ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে সোচ্চার দেশের মানুষ। এই প্রতিবাদে শামিল হয়েছেন তারকারাও। অনেকেই এই ঘৃণিত অপরাধের বিরুদ্ধে সরব হয়েছেন ফেসবুকে। প্রতিবাদী সব পোস্ট লিখে এসব অপরাধের প্রতিকার চেয়েছেন তাঁরা।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান লিখেছেন, ‘নোয়াখালীর ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এমন নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ লজ্জা আমাদের সবার।’ ছোট পর্দার অভিনেতা অপূর্ব লিখেছেন, ‘স্টপ রেপ।’ একটি ছবি পোস্ট করেছেন, সেখানে লেখা, ‘স্ট্যান্ড অ্যাগেইনেস্ট রেপ, হোক প্রতিবাদ।’






