ঢাকায় আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক স্ট্রাইকার হার্নান বার্কোসের সময় যেন কাটছেই না। মাঠে খেলা না থাকলে কোন খেলোয়াড়েরই বা ভালো লাগে! বসুন্ধরা কিংসের এই ফরোয়ার্ড হতাশা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। সেখানে জানতে চেয়েছেন, বাংলাদেশের খেলা শুরু হবে কবে?
বার্কোসের নামটি শুনলেই ১১ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরে তাকান অনেকেই। স্মৃতি থেকে বের হয়ে আসে একের পর উদ্যাপনের ছবি। এএফসি কাপে মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে ৫-১ গোলে জিতেছিল বসুন্ধরা কিংস। বড় জয়ের ম্যাচে এক হালি গোলে বাংলাদেশের ফুটবলে অভিষেক হয়েছিল এই আর্জেন্টাইনের। কিন্তু একদিকে বার্কোস গোলের মেলা দেখিয়ে দেশের ফুটবলপ্রেমীদের লোভ বাড়িয়ে দিলেন, অন্যদিকে সে সময়ই করোনার কারণে ফুটবল বন্ধ।






