শিশুর বুদ্ধি বিকাশে খাদ্যযত্ন

আমরা সবাই চাই আমাদের সন্তান তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও মেধাবী হোক। এ জন্য শিশুর খাবারের প্রতি আমাদের অবশ্যই অত্যন্ত যত্নবান হতে হবে। সাধারণত পাঁচ বছর বয়সের মধ্যেই শিশুর মস্তিষ্কের প্রায় সার্বিক গঠন ও বিকাশ সম্পন্ন হয়। তাই বিশেষ করে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুর খাদ্যযত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিশুর মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে যেসব খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলো নিয়ে  আজ আলোচনা করব।

ডিম

ডিম প্রোটিনের খুব ভালো উৎস, এটা আমরা সবাই জানি। এ ছাড়া ডিমের কুসুমে কোলিন থাকে, যা শিশুর স্মৃতিশক্তি বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দুধ

দুধ ও দুধজাতীয় খাবার থেকে প্রোটিন ও ভিটামিন বি পাওয়া যায়; যা মস্তিষ্কের গঠনের জন্য অপরিহার্য।

চিনাবাদাম ও চিনাবাদামের মাখন (পিনাট বাটার)

চিনাবাদাম ভিটামিন ই-এর উৎস হিসেবে কাজ করে। এ ছাড়া এতে এক ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা স্নায়ুতন্ত্রের আবরণকে সুরক্ষা দান করে। এ ছাড়া চিনাবাদাম থেকে থায়ামিন পাওয়া যায়, যা মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রকে গ্লুকোজ ব্যবহার করে শক্তি তৈরিতে সাহায্য করে।