ঢাকার সাভারে স্কুলছাত্রী নীলা রায় হত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন হয়েছে। রোববার সকাল ১০টায় সাভারের বঙ্গবন্ধু চত্বরে এই কর্মসূচির আয়োজন করে ছবিঘর নামে একটি সংগঠন। মানববন্ধন থেকে বক্তারা কিশোর গ্যাং নির্মূলে প্রশাসনের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এদিকে নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের প্রথম দিনে তাঁর কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা। গত শুক্রবার রাতে তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তারের পর শনিবার আদালতের মাধ্যমে তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।রোববারের মানববন্ধনে ছবিঘরের প্রতিষ্ঠাতা প্রিন্স ঘোষ বলেন, সাভারের কিশোর গ্যাংয়ের সদস্যদের আইনের আওতায় আনতে হবে। তাঁদের আইনের আওতায় আনা হলে সাভারে অপরাধ কমে যাবে। ছবিঘরের সভাপতি হাসিবুল হাসান বলেন, মাদকের থাবায় সাভারের যুব, তরুণ ও কিশোরেরা অসুস্থ হয়ে পড়ছেন। অসুস্থ মস্তিস্কে তাঁরা যা খুশি, তা–ই করছেন। এর শিকার হয়েছে স্কুলছাত্রী নীলা রায়। এখনই ব্যবস্থা না নিলে আরও অনেক মেয়েকেই নীলার মতো প্রাণ দিতে হবে।






