ইইউ থেকে যাওয়া অভিবাসীদের চলাচল সীমিত করতে গণভোট

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো থেকে যাওয়া অভিবাসীদের অবাধ চলাচল নিয়ন্ত্রণে গণভোট অনুষ্ঠিত হচ্ছে সুইজারল্যান্ডে। রোববার এই ভোটগ্রহণ হওয়ার কথা। ধারণা করা হচ্ছে, এই প্রস্তাব পাস হবে না।

বিবিসির খবরে বলা হয়েছে, সুইজারল্যান্ডের সম্প্রচারমাধ্যম এসআরএফ রোববার সন্ধ্যায় জানায়, গণভোটে হেরে যাবে এই প্রস্তাব। তবে প্রস্তাবটি পাস হলে তা ইইউ-সুইজারল্যান্ডের বিদ্যমান সম্পর্কে ব্যাপক প্রভাব ফেলবে।

ইইউর সদস্য দেশ নয় সুইজারল্যান্ড। কিন্তু এই দুই পক্ষের মধ্যে বাণিজ্য চুক্তি রয়েছে। এ ছাড়া আরও কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে দুই পক্ষের মধ্যে।

রয়টার্সের খবরে বলা হয়, বিদ্যমান চুক্তি অনুসারে দেশটিতে ইইউর দেশগুলোর এবং সুইজারল্যান্ডের নাগরিকেরা মুক্তভাবে চলাচল করতে পারেন এবং বিভিন্ন স্থানে গিয়ে কাজ করতে পারেন। সেই সুযোগ সীমিত করার জন্যই দেশটির ডানপন্থী সুইস পিপলস পার্টি (এসভিপি) নতুন এই প্রস্তাব এনেছে। যদিও দলটির এই প্রস্তাব জনগণের ততটা সমর্থন পায়নি।

বিবিসির খবরে বলা হয়েছে, ডানপন্থীদের এই প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেছেন সুইজারল্যান্ডের মন্ত্রীরা। দেশটির বিচারবিষয়ক মন্ত্রী কারিন ক্যালার স্যুটার বলেন, এই উদ্যোগ ব্রেক্সিটের (ইইউর সঙ্গে যুক্তরাজ্যের বিচ্ছেদ) চেয়েও বাজে পরিস্থিতির সৃষ্টি করবে। প্রস্তাবের বিরোধীরা বলছেন, সুইজারল্যান্ডের শক্তিশালী অর্থনীতি মন্দার মুখে পড়তে পারে এই প্রস্তাব পাস হলে। এ ছাড়া এতে ইইউর বিভিন্ন দেশে কর্মরত সুইজারল্যান্ডের হাজারো নাগরিক বিপাকে পড়বেন।

ইইউর দেশগুলোর সঙ্গে মুক্তবাণিজ্য এবং শেনজেনভুক্ত দেশগুলোর সঙ্গে সীমান্ত খোলা রাখার ভিত্তি হিসেবে বিবেচনা করা হয় নাগরিকদের এই অবাধ চলাচল। এসভিপির ওই প্রস্তাব নিয়ে দীর্ঘদিন ধরে একই কথা বলে আসছে ইইউ। সংস্থাটি বলেছে, নাগরিকদের অবাধ চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হলে বাণিজ্য চুক্তির ওপরও তার প্রভাব পড়বে।