‘পিঁয়াজের খ্যাপে’ যাবে দেশি পেঁয়াজ

টাঙ্গাইলে ‘পিঁয়াজের খ্যাপ’ বলে একটা কথা আছে। এটা সেই অগস্ত্যযাত্রা। কেউ কোথাও গিয়ে আর ফিরছে না বা তার অপেক্ষায় থেকে থেকে কেউ পেরেশান, তখন ঠোঁট বাঁকিয়ে বলবে যে ‘পিঁয়াজের খ্যাপে গেছে’। কথাটার মধ্যে ব্যঙ্গ, উষ্মা ও ক্ষোভ আছে, যা পেঁয়াজের ঝাঁজের সঙ্গে মেলে।

পেঁয়াজ জিনিসটাই অবশ্য অন্য রকম। একটা দেশি পেঁয়াজ এমনি কাঁচা খেতে গেলে কড়া ঝাঁজে কম্ম কাবার। মুড়ি বা চানাচুরের সঙ্গে কাঁচা মরিচ-তেল দিয়ে মাখিয়ে খেলে তোফা!

খাবারের স্বাদবর্ধক হিসেবে কাঁচা পেঁয়াজ এভাবেই দুনিয়াজুড়ে দেদার খাওয়া হচ্ছে। বৈশাখে যে পান্তা-ইলিশ বলে নাচি, সেখানে আস্ত দু-একটা কাঁচা পেঁয়াজ না হলে জমে?

কাবাব, মোসাল্লাম, ভাজা মাছ, শিঙাড়া, সমুচা, পুরি, কচুরি—সব খাবারে সমাদৃত পেঁয়াজ।