করোনাভাইরাস মহামারি এখনো বিদায় নেয়নি। জাপানে গতকাল শনিবারের হিসাব, শুধু রাজধানী টোকিওতেই ২২৬ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক দিন আগে এ সংখ্যা ছিল ১৮৭। এ নিয়ে জাপানের রাজধানীতে সব মিলিয়ে করোনায় সংক্রমিত লোকজনের সংখ্যা এ পর্যন্ত ২২ হাজার ছাড়িয়ে গেছে। তবে তারপরও করোনা যেন ধীরে মূল আলোচনার বাইরে সরে যেতে শুরু করেছে। দৈনিক সংবাদপত্রের প্রথম পাতায় এখন আর করোনার নিয়মিত উপস্থিতি সেভাবে দেখা যায় না। টেলিভিশন সংবাদের অবস্থাও একই রকম। কেন এমন হচ্ছে, তার অবশ্য একাধিক কারণ আছে।
অনেকেই বলছেন, প্রায় সাত মাস ধরে চলা করোনার দাপটে মানুষ এখন ক্লান্ত, অবসন্ন। অন্য কিছু নিয়ে তাঁরা এখন কথা বলতে চাইছেন, অন্য কিছু তাঁরা এখন দেখতে আর শুনতে চাইছেন। ফলে এ অবস্থা অনেকটা যেন ভাগ্যের হাতে নিজেকে সঁপে দেওয়া। অর্থাৎ করোনা থেকে গেলেও এর আশঙ্কা নিয়ে মানুষ আর আগের মতো উদ্বিগ্ন নন।






