নিরাপত্তা চেয়ে জিডি করলেন ৯ শিক্ষক

নিরাপত্তা চেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নয়জন শিক্ষক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। রোববার দুপুরে রাজশাহী নগরের মতিহার থানায় তাঁরা জিডি করেন। তাঁরা শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ–উপাচার্যের বিরুদ্ধে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছিলেন। তাঁদের জিডি করার সত্যতা নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান।

অভিযোগকারী ওই ৯ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতান-উল-ইসলাম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সৈয়দ মুহাম্মদ আলী রেজা, সংগীত বিভাগের অসিত রায়, মনোবিজ্ঞান বিভাগের মজিবুল হক আজাদ, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিভাগের জাহাঙ্গীর আলম, রসায়ন বিভাগের তারিকুল হাসান, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের মো. মিজানুর রহমান, নাট্যকলা বিভাগের এস এম ফারুক হোসাইন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস এম এক্রাম উল্যাহ।

ওই নয়জন শিক্ষক গত ৪ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়সহ কয়েকটি সরকারি দপ্তরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ–উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জমা দিয়েছিলেন। ওই অভিযোগের শুনানি ১৭ ও ১৯ সেপ্টেম্বর ঢাকায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।