সবজির দাম চড়া

সবজির দাম দুই মাস ধরেই চড়া। এর মধ্যে ব্রয়লার মুরগির দাম অস্বস্তি আরও বাড়াল। ঈদুল আজহার পর থেকে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছিল ১১০ থেকে ১১৫ টাকায়। এখন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়।

চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, সবজি, আলু, পেঁয়াজ, রসুন, আদা ও ডিমের দামে স্বস্তি নেই। করোনা পরিস্থিতিতে মানুষের আয় কমে যাওয়া, নতুন করে অনেকের দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়া, চাকরি হারানো ও ব্যবসায় বিক্রি কমে যাওয়ার মধ্যে বাজারের এই অস্বস্তি অনেক মানুষকে আরও সংকটে ফেলেছে। বিশেষ করে মোটা চাল, সবজি, আলু, পেঁয়াজ ও ডিম—এ পাঁচটি পণ্যের দাম বেশি হওয়ায় বিপাকে পড়েছে মানুষ। সীমিত আয়ের সংসারে ব্যয়ের বড় অংশ চলে যাচ্ছে এসব পণ্য কেনার পেছনে।বাজারে আলুর কেজি এখন ৩৬ থেকে ৪০ টাকা। ঠিক এক মাস আগে প্রতি কেজি আলু ৪০ টাকায় বিক্রি হয়েছিল। তখন এক সপ্তাহের মতো ওই দাম ছিল। পরে দাম কমে আবার কেজি ৩৫ টাকা হয়। এ সপ্তাহে দাম আবার বাড়ল।