করোনায় আক্রান্ত হয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের খ্যাতিমান স্ট্রাইকার

করোনায় আক্রান্ত হয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের খ্যাতিমান স্ট্রাইকার নওশেরুজ্জামান। তিনি এ মুহূর্তে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে তাঁকে আইসিইতে ভর্তি করা হয়।

তাঁর স্ত্রী জাফরিন জামানও করোনায় আক্রান্ত হয়েছেন। নওশেরুজ্জামানের ভাই খসরুজ্জামান প্রথম আলোকে বলেছেন, ‘নওশের করোনা আক্রান্ত হওয়ার পর বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে প্রথমে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসকেরাই তাঁকে আইসিইউতে নেওয়ার কথা বলেন। কিন্তু সে সুবিধা না পাওয়ায় তাঁকে গ্রিস লাইফ হাসপাতালে আনা হয়েছে।’