কোভিড-১৯ নিয়ে মেডিকেল জার্নালে প্রকাশিত আর্টিকেলের সংখ্যা এখন ৫০ হাজারের ওপর! তারপরও কোভিড-১৯ রোগটা এত নতুন ও এর উপসর্গ ও জটিলতা এত ব্যাপক, বিস্তৃত ও দীর্ঘমেয়াদি যে হিসাব মেলানো কঠিন। প্রতিদিন এত নতুন তথ্য আসছে যে অনেক ক্ষেত্রেই চিকিৎসাবিজ্ঞানীরা কোভিড-১৯ সংক্রান্ত সব বৈজ্ঞানিক তথ্যকে সময়মতো সাধারণ মানুষ বা সাধারণ চিকিৎসক সমাজের কাছে তুলে ধরে গিয়ে তাল মেলাতে পারছেন না!
শেষ হয়েও হয় না শেষ
কোভিড-১৯ অনেক ক্ষেত্রেই রোগীরা রোগটার অপ্রকাশিত বা অজানা দিকগুলো নিজেরাই চিহ্নিত করছেন এবং দলবদ্ধ হয়ে স্বতঃপ্রণোদিত হয়ে রোগটার নতুন মাত্রা নিয়ে কাজ শুরু করে দিচ্ছেন। এর একটা বড় উদাহরণ হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কোভিড-১৯-এ ভোগা কয়েক হাজার তরুণ-তরুণী নিজেদের মধ্যে আলাপ-আলোচনা শুরু করে দেখলেন যে তাঁদের সবার কোভিড-১৯ হয়ে ভালো হয়ে গেলেও প্রায় সবাই একই ধরনের দীর্ঘায়িত লক্ষণে ভুগছেন। অনেকের ফিরে ফিরে গায়ে জ্বর আসছে, অনেকের জ্বর জ্বর ভাবটা যাচ্ছে না, অনেকের গিরাব্যথাটা যাচ্ছে না। অনেকের প্রচণ্ড গা ব্যথা প্রাত্যহিক ব্যাপার হয়ে গেছে কোভিড-১৯ নেগেটিভ হয়ে যাওয়ার পরও! এই মানুষেরা নিজেদের নাম দিলেন কোভিড লং হলার (long haulers covid) এবং #LongCovid হ্যাশট্যাগ ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় সচেতনতা ও সহায়ক গ্রুপ তৈরি করলেন। স্বল্প সময়ের মধ্যে ভুক্তভোগী রোগীরা এই সাপোর্ট গ্রুপের মেম্বার হওয়া শুরু করলেন এবং সদস্যসংখ্যা লাখের ওপর হয়ে গেল!যদিও প্রথমে এই ব্যাপারটা নিয়ে রোগীরাই কথা বলা শুরু করেছিলেন। ধীরে ধীরে চিকিৎসকেরাও ব্যাপারটা প্রত্যক্ষ করতে থাকলেন যখন প্রথম ধাক্কার রোগীরা হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বা হাসপাতালে না গিয়ে নেগেটিভ হওয়ার পরও মাস, দুই মাস, তিন মাস ধরে চলা সিম্পটম নিয়ে চিকিৎসকদের কাছে ফিরে আসা শুরু করলেন এবং অতি সম্প্রতি এ অভিজ্ঞতাগুলো চিকিৎসকেরা বিশ্লেষণ করে শেয়ার করা শুরু করেছেন।






