টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ডিসক্রেশনারি গ্রান্টের জন্য আবেদন করে ৬২৫টি ব্যবসা প্রতিষ্ঠান প্রত্যাখ্যাত হয়েছে। কোনো কারণ দর্শানো ব্যতিরেখে এবং অ্যাপিলের সুযোগ না দিয়ে তাদের আবেদন প্রত্যাখ্যান করা হয়। ফলে ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। প্রত্যাখ্যাত আবেদনকারীরা তাদের গ্রান্ট প্রাপ্তির অধিকার প্রতিষ্ঠা করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন। ব্যবসায়ীরা বলছেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমরা ব্যবসা পরিচালনায় হিমশিম খাচ্ছি। কেন্দ্রীয় সরকার ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে ওঠতে আর্থিক সাহায্য বরাদ্দ দিয়েছে। কিন্তু টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সেই গ্রান্ট বরাদ্দের প্রক্রিয়ায় কিছু কঠিন শর্ত জুড়ে দিয়ে আমাদেরকে গ্রান্ট প্রাপ্তির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। আমরা বিষয়টি সরকারের সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করার পাশাপাশি কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনী লড়াইয়ের চিন্তা-ভাবনা করছি।
সাপ্তাহিক দেশ-এর অনুসন্ধানের জবাবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল জানিয়েছে, করোনা ভাইরাসের দ্বিতীয়দফা গ্রান্ট (ডিসক্রেশনারি গ্রাণ্ট) এর জন্য মোট ১২১৭টি ব্যবসা প্রতিষ্ঠান অনলাইনে আবেদন করে। এর মধ্যে ৫৯২টি ব্যবসা প্রতিষ্ঠানকে গ্রান্ট বরাদ্দ দেয়া হয়। আর বাকি ৬২৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রত্যাখ্যান করা হয়।
কেন্দ্রীয় সরকার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে করদাতা হিসেবে নিবন্ধিত নয় এমন ব্যবসা প্রতিষ্ঠানে জন্য ৩৬ লাখ ৮৬ হাজার ২৫০ পাউন্ড বরাদ্দ প্রদান করে। এর মধ্যে কাউন্সিল ৫৯২ আবেদনকারীর মধ্যে ২১ লাখ ১২ হাজার পাউন্ড বণ্টন করে এবং অবশিষ্ট ১৫ লাখ ৭৪ হাজার ২৫০ পাউন্ড বরাদ্দ না দিয়ে কোষাগারে রেখে দেয়।
এর আগে সরকার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউন শুরু হওয়ার পর গোটা দেশে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য গ্রান্ট বরাদ্দ দেয়। এটা ছিলো প্রথম রাউন্ড গ্রান্ট। এই গ্রান্টে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ৫ হাজার ৬৫ করদাতা ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার পাউন্ড গ্রাণ্ট প্রদান করা হয়। তখন গ্রান্ট বিতরনে কোনো ক্রাইটেরিয়া (মানদণ্ড) নির্ধারণ করা হয়নি। কাউন্সিলের অফিসারগন স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাথে ইমেইল ও টেলিফোনে যোগাযোগ করে গ্রান্টের জন্য আবেদন করতে অনুরোধ করেন। যারা আবেদন করেন তাদের প্রত্যেককেই গ্রান্ট বরাদ্দ দেয়া হয়। প্রথমদফা গ্রান্টের আবেদনের জন্য কোনো শর্ত কিংবা ডকুমেন্ট প্রদর্শনের প্রয়োজন হয়নি। অনলাইন ফরম ফিলাপ করার তিন দিনের মধ্যে প্রত্যেকের একাউন্টে গ্রান্টের অর্থ পৌঁছে দেয়া হয়। সর্বনিম্ন ১০ হাজার পাউন্ড থেকে নিয়ে ২৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রদান করা হয়। কিন্তু যেসকল ব্যবসা প্রতিষ্ঠান কাউন্সিলে করদাতা হিসেবে নিবন্ধিত নয় অর্থাৎ যারা অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানে সাব-টেনেন্ট হিসেবে ব্যবসা পরিচালনা করে তারা প্রথমদফা গ্রান্ট থেকে বঞ্চিত হয়। বিষয়টি নজরে আসার পর বৃটিশ বিজনেস সেক্রেটারি ইংল্যান্ডের জন্য আরো ৬শ ১৭ মিলিয়ন পাউন্ড অতিরিক্ত গ্রান্ট বরাদ্দ দেন। যাকে বলা হয় ডিসক্রেশনারি গ্রাণ্ট। এই অর্থ থেকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলকে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বিতরণের জন্য ৩৬ লাখ ৮৬ হাজার ২৫০ পাউন্ড প্রদান করা হয়।
এই অর্থ বিতরনের জন্য সরকার থেকে একটি গাইডলাইন দেয়া হয়। বলা হয় প্রতিটি কাউন্সিল গ্রাণ্ট প্রদানের একটি ক্রাইটেরিয়া বা মানদণ্ড নির্ধারণ করবে। সরকার থেকে কোনো ক্রাইটেরিয়া ঠিক করে দেয়া হয়নি। প্রত্যাখ্যাত আবেদনকারীদের অ্যাপিল করার অধিকার থাকবেনা বলেও কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়নি। কিন্তু টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আবেদনকারীদের জন্য এমন কিছু কঠিন শর্ত জুড়ে দেয় যা পুরণ করা ছিলো প্রায় অসম্ভব। কাউন্সিল ক্রাইটেরিয়া নির্ধারণ করে জানায় তারা শুধু ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিলডিং কষ্ট বা অফিস ভাড়ার ওপর ভিত্তি করে গ্রান্ট দেবে।
এ ক্ষেত্রে আরো কঠিন নিয়ম করা হয়। বলা হয়, মাসিক অফিস ভাড়ার অর্থ যে ব্যাংক থেকে ল্যান্ড লর্ডের একাউন্টে ট্রান্সফার হচ্ছে তার প্রমাণ দেখাতে হবে। ২০১৯ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এবং ২০২০ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতি বছরের প্রথম ছয় মাস করে মোট এক বছরের ব্যাংক স্ট্যাটমেন্ট দেখাতে হবে। প্রমাণ করতে হবে গত বছরের চেয়ে এ বছরের ব্যবসা খারাপের দিকে যাচ্ছে। তাছাড়া প্রত্যাখ্যাত আবেদনকারীদের জন্য কোনো অ্যাপিলের সুযোগ রাখা হয়নি। এরকম আরো অনেক কঠিন শর্ত জুড়ে দেয়া হয় যাতে কাউন্সিলে করদাতা নয়- এমন ব্যবসা প্রতিষ্ঠানের গ্রান্ট প্রাপ্তি কঠিন হয়ে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বঞ্চিত আবেদনকারী সাপ্তাহিক দেশকে বলেন, আমরা কাউন্সিলের বৈষম্যের শিকার। কেন্দ্রীয় সরকার করদাতা নয় এমন ব্যবসায়ীদের সহযোগিতা করতে পর্যাপ্ত গ্রান্ট বরাদ্দ দিয়েছে অথচ কাউন্সিল সেখানে কঠিন শর্ত জুড়ে দিয়ে আমাদের ন্যায্য পাওনা আটকে দিয়েছে। এটা চরম বৈষম্য।
তিনি আরো বলেন, প্রথমদফা গ্রান্ট বিতরনের সময় কাউন্সিল থেকে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাথে বারবার যোগাযোগ করে আবেদন করতে অনুরোধ করা হয়। এরপর আবেদনের সাথে সাথে তাদের ব্যাংকে গ্রান্ট ট্রান্সফার করা হয়। তাদের কাছে কোনো ডকুমেন্টও চাওয়া হয়নি। আর আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী, ব্যবসা ঠিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছি তাদের জন্য এত কঠিন নিয়ম করা হলো। কাউন্সিলের এই দ্বিমুখী নীতির কারণ কী?
তিনি বলেন, কাউন্সিল আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে সেই অর্থ হয়তো অন্য কোনো খাতে ব্যয় করতে চায়। আবেদনকারীদেরকে না দিয়ে যে ১৫ লাখ ৭৪ হাজার ২৫০ পাউন্ড রেখে দিয়েছে তা প্রত্যাখ্যাত ৬২৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে সমবন্টন করে দিলে প্রত্যেক আবেদনকারী কমপক্ষে ২,৫১৮ পাউন্ড করে পেতেন। কিন্তু কেন এমন করা হচ্ছে কেউ জানেনা।
তিনি বলেন, ডিসক্রিশনারি গ্রান্ট বিতরণের ক্ষেত্রে কাউন্সিল অফিসারগন একটি বিশেষ কৌশলের আশ্রয় নিয়েছেন। কারণ তারা জানেন, যেহেতু এসব ব্যবসায়ী কারো ব্যবসা প্রতিষ্ঠানে সাব-টেনেন্ট হিসেবে ব্যবসা পরিচালনা করেন তাই তাদের বার্ষিক অফিস ভাড়া সর্বসাকুল্যে ৪/৫ হাজার পাউন্ডের বেশি হবেনা। সুতরাং, সারা বছরে ৪/৫ হাজার পাউন্ড ভাড়া হলে ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলো বড় অংকের গ্রান্টের জন্য অবেদনের যোগ্য বিবেচিত হবেনা।
তিনি বলেন, মেয়রের কাছে আমাদের আবেদন থাকবে কেন্দ্রীয় সরকারের এই গ্রান্ট কাউন্সিলের অন্য কোনো খ্যাতে ব্যয় না করে বঞ্চিত আবেদনকারীদের মধ্যে বণ্টন করা হোক। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম। কেন্দ্রীয় সরকার আমাদেরকে সাহায্য করতে চায়। কিন্তু কাউন্সিল কেন আমাদের সাথে এই বিমাতাসুলভ আচরণ করছে। তাই অবিলম্বে প্রত্যাখ্যাত আবেদনকারীদেরকে অ্যাপিলের সুযোগ দিয়ে সহজ শর্তে অবশিষ্ট গ্রান্ট বরাদ্দ দানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আহবান জানাই।






